দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুমিল্লা আদর্শ সদর উপজেলার কুচাইতলী এলাকায় শত বছরের পুরোনো একটি চলাচলের রাস্তা দখল করে ভবন নির্মাণের চেষ্টা চলছে এমন অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।
সোমবার (১৫ জুন) বিকেলে অনুষ্ঠিত এ কর্মসূচিতে শতাধিক পরিবারের নারী, পুরুষ ও শিশুরা অংশ নেন। মানববন্ধন শেষে তারা একটি বিক্ষোভ মিছিল বের করে পুরো এলাকা প্রদক্ষিণ করেন।
স্থানীয়দের অভিযোগ, প্রায় একশ বছর ধরে ব্যবহৃত ওই রাস্তাটি শতাধিক পরিবারের একমাত্র চলাচলের পথ। কিন্তু স্থানীয় গফুর ভূঁইয়া ও তার সহযোগীরা রাস্তার অংশ দখল করে স্থাপনা নির্মাণের চেষ্টা করছেন। এতে বাধা দিলে হামলা ও মামলার হুমকি দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তারা।
ভুক্তভোগী সীমা আক্তার বলেন, এই রাস্তা বন্ধ হয়ে গেলে আমাদের সন্তানদের স্কুলে যাওয়া, রোগীদের হাসপাতালে নেওয়া সবকিছুই বন্ধ হয়ে যাবে। আমরা আমাদের পূর্বপুরুষদের ব্যবহৃত এই পথ ফিরে চাই।
হাসনেয়ারা বেগম বলেন, এটি শতবর্ষী রাস্তা। আগে এখানে বাউন্ডারি ছিল। এখন সেই বাউন্ডারি ভেঙে দখল করে দালান নির্মাণ করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দা ওমর ফারুক দাবি করেন, দলিলেও ওই রাস্তার উল্লেখ রয়েছে। তবে প্রায়ই চলাচলকে কেন্দ্র করে বিরোধ সৃষ্টি হচ্ছে।
এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি নিয়ে আদালতে মামলা করা হয়েছে বলে জানা গেছে। মামলার নথি অনুযায়ী, কুচাইতলী মৌজার বিএস ২১১/৮৯৭ দাগভুক্ত ১৭ শতক ভূমি দীর্ঘদিন ধরে জনসাধারণের চলাচলের রাস্তা হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। প্রশাসনের দাবি, জরিপের সময় ভুলবশত এটি ব্যক্তিমালিকানাভুক্ত খতিয়ানে অন্তর্ভুক্ত হয়েছে।
মামলায় আরও বলা হয়েছে, ভূমিটি মূলত সরকারি সম্পত্তি এবং দীর্ঘদিন ধরে এটি জনসাধারণের ব্যবহার্য রাস্তা হিসেবে ব্যবহৃত হচ্ছে। তাই এটিকে ব্যক্তিমালিকানার দাবি করে দখলের চেষ্টা অবৈধ।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে গফুর ভূঁইয়া বলেন, তিনি রাস্তার জন্য কোনো জায়গা ছাড়বেন না। এ ঘটনায় দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয়রা। তাদের আশঙ্কা, বিষয়টি সমাধান না হলে শতাধিক পরিবার চরম দুর্ভোগে পড়বে।
জে আই